কসবা-আখাউড়ায় মৎস্য অভয়ারণ্য ঘোষণার দাবি

নারগীস পারভীন  ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া উপজেলার নদী, খাল ও বিলসমূহকে “মৎস্য অভয়ারণ্য” হিসেবে ঘোষণার দাবি জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়দের পক্ষে কবীর আহমেদ ভূঞা এ আবেদনটি দাখিল করেন।

আবেদনে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা তিতাস ও মেঘনা নদীবিধৌত একটি নিম্নভূমি অঞ্চল, যা অসংখ্য নদী, খাল, বিল ও জলাভূমি দ্বারা পরিবেষ্টিত। একসময় এ অঞ্চলের মানুষের প্রধান জীবিকা ছিল মৎস্যনির্ভর এবং প্রাকৃতিক জলাশয়ে প্রচুর মাছ উৎপাদন হতো।

তবে দীর্ঘদিনের পরিবেশ দূষণ, নির্বিচারে মাছ নিধন এবং প্রজনন মৌসুমে মাতৃমাছ শিকারের কারণে বর্তমানে এসব জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন মারাত্মকভাবে হ্রাস পেয়েছে এবং অনেক প্রজাতির মাছ বিলুপ্তির পথে রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কসবা ও আখাউড়া উপজেলার বিস্তীর্ণ জলাভূমিকে মৎস্য অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হলে মাছের প্রাকৃতিক বংশবৃদ্ধি নিশ্চিত হবে এবং এসব এলাকা মাছের জন্য নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হবে।

এতে স্থানীয় জনগণের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি মাছের উদ্বৃত্ত উৎপাদন বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাও তৈরি হবে।

এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!