রাশেদুল হক রাশেদ : যশোরের চৌগাছা উপজেলার আন্দুলিয়া বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে একটি এয়ার গান ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আন্দুলিয়া গ্রামের একটি ফাঁকা মাঠে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ার গান এবং ২৪ বোতল আস্কুফ সিরাপ (যা ফেন্সিডিলের বিকল্প মাদক হিসেবে ব্যবহৃত হয়) উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। তবে অভিযান চলাকালীন কোনো ব্যক্তি বা চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা মাদক ও এয়ার গান ফেলে পালিয়ে যায়।
উদ্ধারকৃত মাদক ও এয়ার গান পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে এলাকায় মাদকদ্রব্যের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের অভিযান জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!