নারগীস পারভীন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের তিন লাখ পীর এলাকায় একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ সংক্রান্ত প্রস্তাব ইতোমধ্যে অনুমোদন করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।
বেপজা সূত্রে জানা যায়, এ বিষয়ে গত ২৪ মার্চ ২০২৬ তারিখে প্রাপ্ত এক আবেদনের প্রেক্ষিতে প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে ২৭ মার্চ ২০২৬ তারিখে প্রেরিত এক সরকারি পত্রে জানানো হয়, কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের তিন লাখ পীর এলাকায় ইপিজেড স্থাপনের লক্ষ্যে বিধি মোতাবেক প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।
উক্ত পত্রটি প্রেরণ করা হয়েছে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কবীর আহমেদ ভূঁইয়া-এর নিকট, যিনি ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের প্রার্থী।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সম্ভাব্য এই ইপিজেড বাস্তবায়িত হলে এলাকায় শিল্পায়নের নতুন দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
কসবা উপজেলা এলাকায় দীর্ঘদিন ধরে একটি বড় শিল্প প্রকল্পের দাবি ছিল। ইপিজেড স্থাপনের এই উদ্যোগ সেই প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) স্বাক্ষরিত পত্রে বিষয়টি সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!