জেলা প্রতিনিধি, নেত্রকোনা
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সরকারের নতুন মন্ত্রিসভায় ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে শপথ গ্রহণের এই খবর ছড়িয়ে পড়লে জেলাজুড়ে উৎসবের আমেজ তৈরি হয় এবং বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়।
কায়সার কামালের রাজনীতিতে আসা পারিবারিকভাবে। তার বাবা প্রয়াত মোস্তফা কামাল মনছুর নব্বইয়ের দশকে কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। তার দাদা ও নানাও ছিলেন জনপ্রতিনিধি। কায়সার কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর শেষ করে লন্ডনে গিয়ে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।
১৯৮৮ সালে ছাত্ররাজনীতিতে হাতেখড়ি হওয়া কায়সার ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ছিলেন। ২০০৯ সালে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং ২০১৬ সাল থেকে আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কায়সার কামাল ১ লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭০ হাজার ৮৫৫ ভোটের ব্যবধানে এই বিশাল জয় আসে।
শপথ নেওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমার বাবা ছিলেন জনগণের সেবক। তার আদর্শ নিয়েই আমি রাজনীতি করি। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার মানুষ আমাকে যে ম্যান্ডেট দিয়েছে, কাজের মাধ্যমে আমি তার প্রতিদান দিতে চাই।”
হলফনামা অনুযায়ী, কায়সার কামালের বার্ষিক আয় ৫ কোটি ৭৪ লাখ টাকার বেশি। তার নিজের এবং স্ত্রীর মিলিয়ে প্রায় ১০ কোটি টাকার অস্থাবর সম্পদ ও ফ্ল্যাট-গাড়ি রয়েছে। কায়সার কামালের মন্ত্রীত্ব পাওয়াকে কলমাকান্দা-দুর্গাপুরের জন্য ‘ঈদের আনন্দ’ হিসেবে অভিহিত করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
আদিবাসী নেতা সুদীপ্ত হাজং আশাবাদ ব্যক্ত করেছেন যে, নতুন প্রতিমন্ত্রীর নেতৃত্বে সীমান্তের অবহেলিত রাস্তাঘাট ও শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!