ওয়াসিম ফারুক : মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকের টাকা না পেয়ে মারুফ (৪০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত সোমবার সকালে উপজেলার বেজগাঁও ইউনিয়নের হাট ভোগদিয়া গ্রামের একটি আম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মারুফ ওই গ্রামের মৃত রহিমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মারুফ দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন। কয়েক দিন আগে তিনি তার মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে মারুফ ক্ষিপ্ত হয়ে বাড়িঘর ভাঙচুর করেন। ছেলের এহেন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে তার মা লৌহজং থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকে মারুফ বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন।
গত সোমবার সকালে হাট ভোগদিয়া গ্রামের প্রফুল্ল দাসের বাড়ির আম গাছের সাথে গামছা পেঁচানো অবস্থায় মারুফের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!