নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রক্তঝরা একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এখন উৎসবমুখর পরিবেশ। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও কর্মীরা। মূল বেদি পরিষ্কার-পরিচ্ছন্ন করা থেকে শুরু করে আলপনা আঁকা—সব মিলিয়ে এক কর্মমুখর পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ মিনার এলাকা ঘুরে দেখা যায় প্রস্তুতির ব্যাপক কর্মযজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রায় ৫০০ শিক্ষার্থী দিনরাত পরিশ্রম করে মূল বেদি ও সংলগ্ন রাস্তায় আলপনা আঁকছেন। আশেপাশের দেওয়ালে বর্ণমালা লিখন ও ভাষা আন্দোলনের ইতিহাস সংবলিত গ্রাফিতি তৈরির কাজও চলছে।
মূল মিনারের ধুলোবালি পরিষ্কার করে সাদা রঙের নতুন প্রলেপ দেওয়া হচ্ছে। কাজ শেষ হলেই মিনারের পেছনে স্থাপন করা হবে সেই চিরচেনা প্রতীকী ‘লাল সূর্য’।
নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও আইনশৃঙ্খলা বাহিনীর অস্থায়ী কন্ট্রোল রুম তৈরির কাজও প্রায় সম্পন্ন।
চারুকলা অনুষদের শিক্ষার্থী মেহেরুন্নেসা ইতি জানান, “আমরা ৫ শতাধিক শিক্ষার্থী নিরলসভাবে কাজ করছি। নির্ধারিত সময়ের মধ্যেই পুরো আয়োজনটি সুন্দরভাবে শেষ করতে আমরা বদ্ধপরিকর।” আরেক শিক্ষার্থী বিবেক কুমার বলেন, “শিক্ষক ও শিক্ষার্থীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করছেন। আশা করছি আগামীকালের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে।”
আগামীকাল (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকেই ফুল হাতে জনতার ঢল নামবে শহীদ মিনারে, যেখানে শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হবেন মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গকারী বীর শহীদরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!