শুক্রবার, 20 ফেব্রুয়ারি 2026

প্রথম রোজাতেই চড়া পেঁয়াজের দাম, কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

নিজস্ব প্রতিবেদক,  ঢাকা 

পবিত্র রমজানের প্রথম দিনেই রাজধানীর বাজারে চড়া হতে শুরু করেছে পেঁয়াজের দাম। সরবরাহ সংকট ও বাড়তি চাহিদার অজুহাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। রমজানের শুরুতেই নিত্যপণ্যের এই আকাশছোঁয়া দামে বিপাকে পড়েছেন সাধারণ ও নিম্নআয়ের ক্রেতারা। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি কাঁচাবাজার ও রায়েরবাজারসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায় ভালো মানের পেঁয়াজ  প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা (গত সপ্তাহে ছিল ৫০-৫৫ টাকা)। ছোট আকারের পেঁয়াজ  প্রতি কেজি ৫৫ টাকা। বিক্রেতাদের দাবি পাইকারি বাজারে দাম বৃদ্ধি এবং মৌসুমের শেষে সরবরাহ কমে যাওয়াকে দায়ী করছেন খুচরা বিক্রেতারা।

পেঁয়াজ বিক্রেতা হাসান মাহমুদ জানান, গত দু-তিন দিন ধরেই পাইকারি বাজারে দাম চড়া। রমজান উপলক্ষে চাহিদা বেড়ে যাওয়ায় খুচরা বাজারে এর সরাসরি প্রভাব পড়েছে।

অন্যদিকে, সাধারণ ক্রেতাদের অভিযোগ ভিন্ন। মারুফ হোসেন নামে এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত সপ্তাহে ১০০ টাকার নিচে দুই কেজি পেঁয়াজ কিনেছি, আজ এক কেজির দামই চাচ্ছে ৬৫ টাকা। রোজা এলেই ব্যবসায়ীরা পকেট কাটার উৎসবে মেতে ওঠে।”

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!