শুক্রবার, 20 ফেব্রুয়ারি 2026

সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর বাবার লাশ দাফন

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সম্পত্তি বণ্টন নিয়ে পারিবারিক কলহের জেরে বাবার মরদেহ আটকে রাখার প্রায় ৩০ ঘণ্টা পর অবশেষে দাফন সম্পন্ন হয়েছে। স্ট্যাম্পে লিখিত সমঝোতা ও উভয় পক্ষের স্বাক্ষরের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে জানাজা শেষে দাফন কাজ শেষ হয়।

নাগেশ্বরী পৌরসভার পয়রাডাঙ্গা বাজার এলাকার আজিজার রহমান (৭৫) গত মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মারা যান। বুধবার বেলা ১১টায় জানাজার সময় নির্ধারণ করা হলেও সম্পত্তি নিয়ে প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সন্তানদের বিরোধে তা স্থগিত হয়ে যায়।

 আজিজার রহমান জীবদ্দশায় তার বসতভিটাসহ স্থাবর-অস্থাবর সম্পত্তি দ্বিতীয় স্ত্রীর ছেলে রফিকুল ইসলামের নামে লিখে দিয়েছিলেন।

প্রথম পক্ষের ছেলে আব্দুল হাকিম সম্পত্তির সমবণ্টন নিশ্চিত না হওয়া পর্যন্ত দাফনে আপত্তি জানান।

কাফন পরা অবস্থায় দীর্ঘ সময় বাবার মরদেহ বাড়ির উঠানে পড়ে থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়।

দিনভর দফায় দফায় বৈঠকের পর বুধবার রাত ১০টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। ১. বসতভিটার ২১ শতাংশ জমির মধ্যে দুই ভাই ৮ শতাংশ করে পাবেন। ২ বাকি অংশ বোনদের প্রাপ্য হিসেবে থাকবে। ৩. আবাদি জমি আইনানুগ প্রক্রিয়ায় বণ্টনের জন্য স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা সম্পাদন করা হয়।

লিখিত চুক্তিতে উভয় পক্ষ স্বাক্ষর করার পর রাত ১১টায় জানাজা শেষে আজিজার রহমানের দাফন সম্পন্ন হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!